রংপুরে স্কুলশিক্ষক ও তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে রাজধানী ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসকদের ওপর হামলা ও চাঁদা দাবির ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে।’
ডা. শফিকুর রহমানের দাবি, সাম্প্রতিক সময়ে দেশে সামাজিক অপরাধ, খুন-খারাবি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ শঙ্কিত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রংপুরের ঘটনার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গত রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
নিহতরা হলেন—গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী।
গোটা পরিবারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক ও লোমহর্ষক। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সম্প্রতি ঢাকায় একজন চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি এবং পরে তার ওপর হামলার ঘটনা ঘটেছে। একইভাবে ময়মনসিংহে একজন পশুচিকিৎসকের কাছেও চাঁদা দাবি করে হামলা করা হয়েছে।
তার মতে, এসব ঘটনাসহ সাম্প্রতিক বিভিন্ন অপরাধের ঘটনা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরছে। এতে জনগণের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত করে তুলেছে।’
রংপুরের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
একটির পর একটি অপরাধ সংঘটিত হলেও ভুক্তভোগীরা সঠিক বিচার পাচ্ছেন না বলেও অভিযোগ করেন জামায়াত আমির। আদালতে বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা জনগণের মধ্যে হতাশা তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, এই হতাশা থেকে জনগণকে রক্ষা করতে হবে। সরকারের ব্যর্থতার দিকে তাকিয়ে না থেকে সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে।
সবশেষে তিনি সবাইকে সামাজিক সচেতনতা গড়ে তুলে অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান এবং এসব অপরাধ থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেন।