রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ৪৮২ জনের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগে ৪৪, ওয়ারীতে ৫৫, মতিঝিলে ৫৭, তেজগাঁওয়ে ৫৬, মিরপুরে ১১৯, গুলশানে ৩৯, উত্তরা বিভাগে ৫৯ এবং গোয়েন্দা বিভাগে ৯ জন রয়েছেন।
অভিযানকালে একটি স্বর্ণের লকেট, ১৬ হাজার টাকার জাল নোট, ৯টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ২টি ট্যাব, ৫৫টি সিমকার্ড এবং নগদ ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া পুলিশের অভিযানে ১৩ হাজার ৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন ও ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিএমপির এই কর্মকর্তা জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।