বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে থাকা সরকারের সব বিদ্যমান কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। কমিটিগুলো হালনাগাদ করে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
সম্প্রতি এ-সংক্রান্ত একটি চিঠি মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোতে পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
চিঠিতে বলা হয়েছে, সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, এসব কমিটির অধিকাংশই কয়েক বছর আগে গঠিত। ফলে অনেক কমিটি বর্তমানে হালনাগাদ নেই। পাশাপাশি কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রম-সংক্রান্ত তথ্যও পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় বিদ্যমান সব কমিটি পুনর্গঠন ও হালনাগাদ করা প্রয়োজন।
নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতাধীন বিদ্যমান কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পুনর্গঠিত প্রতিটি কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। তাদের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক ওই তিনজনকে মনোনয়ন দেবেন।
চিঠিতে আরও বলা হয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে সংযুক্ত তালিকায় থাকা ৯৮টি কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতাধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য বিদ্যমান সব কমিটি হালনাগাদ করতে হবে।
পুনর্গঠন ও হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করতে হবে।
দীর্ঘদিন ধরে হালনাগাদ না থাকা সরকারি কমিটিগুলো পুনর্গঠনের এ উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে সরকারি কার্যক্রমে অংশীজনের প্রতিনিধিত্ব, সমন্বয় ও জবাবদিহিতা আরও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।