সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে একটি স্বর্ণখনিতে ভয়াবহ ধসের ঘটনায় অন্তত ৩০ জন খনিশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় সময় সকালে দেশটির নানা-মাম্বেরে জেলার আব্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধসের পর জীবিত অবস্থায় খনি থেকে বেরিয়ে আসা শ্রমিক ফ্লোরিয়ান গাগুয়েন্ডে জানান, ধসের মাত্রা ছিল ভয়াবহ। খনির ভেতরে আটকা পড়া অনেক শ্রমিককে জীবিত উদ্ধারের সম্ভাবনা কম বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নানা-মাম্বেরে জেলার ডেপুটি মেয়র সোলেইমানে বি এএফপিকে জানান, দিনভর উদ্ধার অভিযান চালিয়ে খনি থেকে ৩০ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, ‘এটি একটি ভয়াবহ ঘটনা। আমরা উদ্ধারকারী দল পাঠানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছিলাম। আমাদের আহ্বানে সাড়া দিয়ে অনেকেই উদ্ধারকাজে অংশ নিয়েছেন।’
দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে উদ্ধারকাজের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেছে। একটি ভিডিওতে কাদামাখা কয়েকজন শ্রমিককে খনির গভীর খাদ থেকে একটি মরদেহ টেনে বের করতে দেখা যায়।
তবে নিহত ও এখনও আটকা পড়া শ্রমিকের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় সরকারের মুখপাত্র এভারিস্ট এনগামানা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা দিতে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ছোট আকারের স্বর্ণখনিতে ধসের ঘটনা নতুন নয়। দেশটিতে শত শত ক্ষুদ্র স্বর্ণখনি রয়েছে, যেখানে বিপুলসংখ্যক মানুষ কাজ করেন। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় এসব খনিতে প্রায়ই ধসসহ নানা দুর্ঘটনা ঘটে।
সূত্র: এএফপি, এনডিটিভি