একাদশে ভর্তি এক ধাপে, মাইগ্রেশন বন্ধের পরিকল্পনা

একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগের মতো একাধিক ধাপে নয়, এবার এক ধাপেই অনলাইনে ভর্তি আবেদন নেওয়ার কথা ভাবা হচ্ছে। একই সঙ্গে পছন্দের কলেজ পরিবর্তনের সুযোগ হিসেবে থাকা মাইগ্রেশনও বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে।

দ্রুত ভর্তি কার্যক্রম শেষ করে সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই একাদশ শ্রেণির ক্লাস শুরু করার সম্ভাবনাও রয়েছে। তবে আবেদন পদ্ধতি, সময়সূচি ও মাইগ্রেশনসহ এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গত ১৬ আগস্ট একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন এনে নতুন নীতিমালা তৈরির কাজ করছে।

সম্ভাব্য নতুন নিয়মে একজন শিক্ষার্থী প্রথম ধাপেই একবার আবেদন করার সুযোগ পাবে। এ ক্ষেত্রে মাইগ্রেশনের সুযোগ না রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থী, কোনো কলেজে ভর্তির সুযোগ না পাওয়া, ভর্তি নিশ্চায়ন না করা কিংবা অন্য কোনো কারণে ভর্তি থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য পরবর্তী সময়ে আবেদনের সুযোগ রাখা হতে পারে।

এবার একাদশে ভর্তির সময়সূচিও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রাথমিক প্রস্তাবে ১৫ সেপ্টেম্বর আবেদন শুরু করে ১০ নভেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চালানোর কথা বলা হয়েছিল। তবে ওই প্রস্তাবে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দেয়নি।

নতুন পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতেই আবেদন গ্রহণ শুরু করে মাসের মধ্যেই ভর্তি কার্যক্রম শেষ করার সম্ভাবনা রয়েছে। এরপর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একাদশ শ্রেণির ক্লাস শুরু হতে পারে। পুনর্নিরীক্ষণের পর কলেজ পরিবর্তনের প্রয়োজন হওয়া শিক্ষার্থীদের ১ অক্টোবরের মধ্যে ক্লাসে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা নিয়ে কাজ চলছে। দ্রুতই এটি চূড়ান্ত হতে পারে। এরপর শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা জারি করবে।

অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, একাদশ শ্রেণির ক্লাস ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা। তবে গত কয়েক বছর বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে ক্লাস শুরু করা সম্ভব হয়নি। এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট প্রকাশিত হওয়ায় দ্রুত ভর্তি কার্যক্রম শেষ করে সেপ্টেম্বরের মধ্যেই ক্লাস শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে একাদশ শ্রেণির ভর্তির চূড়ান্ত সময়সূচি, আবেদন পদ্ধতি, মাইগ্রেশন এবং অন্যান্য নিয়ম শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা জারির পরই নিশ্চিত হবে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান