কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রী, আলোচনায় জ্বালানি-বাণিজ্য-বিনিয়োগ

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তিনি দোহার উদ্দেশে রওনা হন। আগামী ১৯ আগস্ট রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এ সফরে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির।

সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল-থানির সঙ্গে বৈঠক করবেন ড. খলিলুর রহমান।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে জ্বালানি সরবরাহ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং কাতারে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের পরিস্থিতি বিশেষ গুরুত্ব পেতে পারে।

এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-কাতার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি জ্বালানি, বিনিয়োগ ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

 

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান