কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি। ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করে স্বাধীন চিকিৎসক প্যানেলের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইমরান খানের সাম্প্রতিক চিকিৎসাসংক্রান্ত তথ্যকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেন আরিফ আলভি।
তিনি জানান, চিকিৎসকদের সঙ্গে পর্যালোচনার পর ইমরান খান চরম মানসিক চাপ, অনিয়মিত হৃদস্পন্দন ও উচ্চ রক্তচাপে ভুগছেন বলে তিনি জানতে পেরেছেন। দীর্ঘদিনের কারাবাস ও নির্জনবাসের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও উল্লেখ করেন আলভি।
আলভির দাবি, ইমরান খানের হৃদস্পন্দন মিনিটে ৫৪ বার রেকর্ড করা হয়েছে। তার শারীরিক অবস্থা মূল্যায়নে দ্রুত ২৪ ঘণ্টার হল্টার মনিটরিং, ইকোকার্ডিওগ্রাম, কার্ডিয়াক এমআরআই এবং সিটি এনজিওগ্রামসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা প্রয়োজন।
একই সঙ্গে একটি স্বাধীন চিকিৎসক প্যানেলের তত্ত্বাবধানে ইমরান খানকে দ্রুত হাসপাতালে নেওয়ার দাবি জানিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। সরকারি চিকিৎসকদের ওপর ইমরান খানের পরিবার ও সাধারণ মানুষের আস্থার সংকট রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ইমরান খানের ছেলেরা এক সাক্ষাৎকারে দাবি করেছেন, গত সাত মাস ধরে পরিবারের সদস্য, আইনজীবী কিংবা ব্যক্তিগত চিকিৎসকদের তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।
এদিকে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইমরান খান। ২০২৩ সাল থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে রয়েছেন। ইমরান খান ও তার দলের অভিযোগ, তাকে রাজনীতি থেকে দূরে রাখতে বর্তমান সরকার ও সামরিক সংস্থাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া