রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ ঘোষণা দেন।
মির্জা ফখরুলের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। আইন ও বিধি অনুযায়ী, একটি মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় অপরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।
অলি আহমদের নামেও দুটি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে একটি বৈধ হওয়ায় অপর মনোনয়নপত্রটি নিয়ম অনুযায়ী বাতিল হয়ে যায়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। এরপর আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য ভোটার হিসেবে ভোট দেবেন।