বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকারের লক্ষ্য ও পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ ও গ্রামের মানুষের কল্যাণকে সামনে রেখেই সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাছের পোনা অবমুক্ত করার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে এখানে যে মাছ অবমুক্ত করা হলো, এই মাছগুলো যখন বড় হবে, ডিম পাড়বে, বিভিন্ন খাল-বিলে ঢুকবে, তখন উপকার কাদের হবে? লন্ডনের মানুষের উপকার হবে নাকি জাপানের মানুষের উপকার হবে? উপকার হবে বাংলাদেশের মানুষের।’
তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য দেশের মানুষ ও গ্রামের মানুষের কল্যাণ নিশ্চিত করা। বিগত নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপিকে বিজয়ী করেছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতির লক্ষ্য এমন নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করা, যার মাধ্যমে দেশের মানুষ ও গ্রামীণ জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে। এ পথেই বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
খাল খনন কর্মসূচির প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে খাল খননের কর্মসূচি শুরুর কথা বলেছিল বিএনপি। সরকার গঠনের পর আল্লাহর রহমতে সারা দেশে খাল খননের কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, খাল খননের ফলে কৃষকরা উপকৃত হচ্ছেন। একই সঙ্গে খালের আশপাশের এলাকার মানুষও পানির সুবিধা পাচ্ছেন।
তবে শুধু খাল খনন করলেই হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খালের পানি সঠিকভাবে ব্যবহার করতে হবে। কৃষিতে সেচ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি এসব জলাশয়কে মাছ উৎপাদন বৃদ্ধির জন্যও কাজে লাগাতে হবে।
তিনি জানান, ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন নদী ও বড় খালে মাছের পোনা অবমুক্ত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে একদিকে কৃষকরা সেচ সুবিধা পাবেন, অন্যদিকে মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে সহায়তা করা সম্ভব হবে।
দেশের উন্নয়নে নারী সমাজের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার সময় নারীদের শিক্ষার প্রসারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার উদ্যোগও নেওয়া হয়েছিল।
তিনি বলেন, দেশের নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে। তাদের দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অংশীদার করতে হবে। নারী-পুরুষ সবার অংশগ্রহণ নিশ্চিত করেই বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
মাছের পোনা অবমুক্তকরণকে কেন্দ্র করে সকাল থেকেই পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় উপস্থিত বিপুলসংখ্যক মানুষ করতালি দিয়ে তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মীর শাহে আলম, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।