যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ ছয়জন নিহত হয়েছেন। দুটি বাড়ি ও একটি বনাঞ্চলে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিশিগান স্টেট পুলিশের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ডেট্রয়েট থেকে প্রায় ১৬৯ মাইল উত্তর-পশ্চিমে মিসাউকি কাউন্টির একটি বাড়িতে গুলির খবর পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরের ঠিক আগে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজনকে মৃত এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
তদন্তকারীরা জানান, ৩৯ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী চ্যাড হিকম্যান পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে ধরতে দ্রুত বড় পরিসরে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।
অভিযানের একপর্যায়ে কাছাকাছি আরেকটি বাড়ি থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে জানায়, হিকম্যান ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হতে পারেন। তাকে দেখা গেলে কাছে না গিয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়।
পরবর্তীতে হুইটলক লেকের কাছে একটি জঙ্গলাকীর্ণ এলাকায় হিকম্যানের ব্যবহৃত গাড়ির সন্ধান পায় পুলিশ। গাড়িটির সূত্র ধরে বনাঞ্চলে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন হিকম্যানের মরদেহ উদ্ধার করা হয়। একই এলাকা থেকে আরও একজনের মরদেহ পাওয়া যায়।
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত বন্দুক হামলা হিসেবে তদন্ত করছে। তবে নিহত ব্যক্তিরা কীভাবে মারা গেছেন এবং তাদের মধ্যে আগে থেকে কোনো সম্পর্ক বা বিরোধ ছিল কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
মিশিগান স্টেট পুলিশের লেফটেন্যান্ট অ্যাশলি মিলার বলেন, ‘এই পরিস্থিতি পুরো সম্প্রদায়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্তকারীদের জন্যও বড় চ্যালেঞ্জ। আমরা ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্তে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।’
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় বাসিন্দাদের আপাতত ঘটনাস্থল ও আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। নিহতদের স্বজনদের আনুষ্ঠানিকভাবে অবহিত না করা পর্যন্ত তাদের নাম ও বয়স প্রকাশ করা হবে না বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: সিএনএন