মার্কিন অবরোধের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খাড়গ দ্বীপে আবারও কাঁচা তেল লোডিং শুরু হয়েছে। জুলাইয়ের পর এই প্রথম দ্বীপটির একটি টার্মিনালে তেলের ট্যাংকারে কাঁচা তেল তোলা হয়েছে বলে জানিয়েছে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্যাংকারট্র্যাকার্স’।
শুক্রবার (১৪ আগস্ট) খাড়গ দ্বীপের আজারপাদ জেটিতে ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল কাঁচা তেল লোড করতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্যাংকারট্র্যাকার্স জানায়, ইরানের অন্যান্য তেল টার্মিনালেও ট্যাংকারে তেল লোডিং কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ফলে মার্কিন অবরোধের মধ্যেও দেশটির তেল সরবরাহ ও পরিবহন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি বলে ধারণা করা হচ্ছে।
সংস্থাটি আরও জানায়, ইরানের বর্তমান তেল উৎপাদন দেশটির অভ্যন্তরীণ পরিশোধনাগারগুলোর চাহিদা ও ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে উৎপাদিত অতিরিক্ত বিপুল পরিমাণ তেল বিদেশে রপ্তানির প্রয়োজন নাও হতে পারে।
ইরানের অন্যতম প্রধান তেল রপ্তানি কেন্দ্র খাড়গ দ্বীপ। সেখানে তেল লোডিং কার্যক্রম পুনরায় শুরু হওয়াকে মার্কিন অবরোধের মধ্যেও ইরানের জ্বালানি খাতের কার্যক্রম সচল রাখার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই