নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি মোনাজাতে অংশ নেন। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে। এর ফলে দেশের স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও বিস্তৃত ও সহজলভ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। রোগীর সংখ্যা বাড়তে থাকায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা যুক্ত করা হয়।

এবার ১৫ তলা নবনির্মিত ভবনের মাধ্যমে আরও ৫০০ শয্যা বাড়ানো হলো। ফলে হাসপাতালটিতে একসঙ্গে ১ হাজার রোগীর চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান