চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভোরের অভিযানে মিলল ৯৩ বোতল ভারতীয় নেশার সিরাপ

রাজশাহী ব্যুরোঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ২০০ টাকা।
শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মাদক বহনকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, চলতি আগস্ট মাসে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত ভারতীয় ৩৬৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং ১১৫ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার ঠেকাতে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান