‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহন’—ভাইরাল দাবিকে পুলিশের ‘কল্পনাপ্রসূত’ আখ্যা

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া দাবি সম্পূর্ণ অসত্য, অবান্তর ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

পুলিশের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই না করে বিশ্বাস না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ আগস্ট কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই মসজিদে জুমার নামাজ পড়তে যান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

মসজিদে প্রবেশের সময় ওসি তার নিজের জুতা খুলে ভেতরে প্রবেশ করেন। নামাজ শেষে বের হওয়ার সময়ও তিনি নিজের জুতা নিজেই হাতে করে নিয়ে আসেন বলে জানায় পুলিশ।

পুলিশ আরও জানায়, মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতাও রাখা ছিল। তবে ওসি মন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সঠিক নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওসি কর্তৃক মন্ত্রীর জুতা বহনের দাবি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার বা বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান