রাষ্ট্রপতি প্রার্থী হয়ে বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করেছে বিএনপি। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত দলের শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের জরুরি বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুল দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।’

এর আগে সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জরুরি বৈঠক শুরু হয়। এতে দলের শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবারই রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে বিএনপির মহাসচিবের পদটি শূন্য হবে। ফলে দলের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মহাসচিব পদে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নামও বিবেচনায় রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মির্জা ফখরুলের পদত্যাগের পর বিএনপির সাংগঠনিক নেতৃত্বে এই পরিবর্তন এখন দলটির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে উঠেছে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান