আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১১ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস। অর্থাৎ আগের দাম বাড়ানোর মাত্র দুই দিনের ব্যবধানেই আবারও সোনার দাম বাড়ানো হলো।

আগের সিদ্ধান্তে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে।

ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৫ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান