সন্ধ্যা থেকেই কমবে বিদ্যুৎ সংকট, আশাবাদ জ্বালানি প্রতিমন্ত্রীর

সন্ধ্যার পর থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (১২ আগস্ট) দুপুরে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ জানান।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা গতকাল সন্ধ্যা থেকে একটি কৌশল নিয়েছি। আশা করছি, আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।’

মালয়েশিয়ার সঙ্গে জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, অন্তত এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাওয়ার আশা করছে সরকার। তবে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে।

তিনি বলেন, ‘আমরা আশা করছি, অন্তত এক কার্গো এলএনজি আমরা পাব। আইএসও ট্যাংকের মাধ্যমে যদি এলএনজি আনতে হয়, সেটি একটি প্রক্রিয়ার ব্যাপার। আপনারা জানেন, আইএসও ট্যাংক অ্যাভেইলেবল নয়।’

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের হাতে থাকা সব বিকল্প নিয়েই কাজ চলছে বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘আমাদের হাতে যতগুলো বিকল্প ছিল, আমরা সব বিকল্প নিয়েই কাজ করছি।’

জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের কাছে অবশ্যই জনগণ মেসেজ জানতে চায়। মেসেজ দেওয়ার মতো জায়গায় যদি আমি থাকতাম, অবশ্যই দিতাম। শুধু আমি এটুকু বলব, জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। আমার ধারণা, জনগণ বোঝেন আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই।’

দেশীয়ভাবে গ্যাসের উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয় বলেও জানান তিনি। এলএনজি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছেও সহযোগিতা চেয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

‘ভুল নীতির মাশুল একসময় দিতেই হয়’

বর্তমান জ্বালানি সংকটের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতিকে দায়ী করেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, অতীতের সরকারগুলো মধ্য ও দীর্ঘমেয়াদি সমাধানের দিকে যথেষ্ট গুরুত্ব না দিয়ে তাৎক্ষণিক সমাধানের পথে এগিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘যখন ভুল নীতি আপনি গ্রহণ করবেন, একসময় তার মাশুল দিতে হবে। বিগত সরকারগুলো কোনো মধ্য বা দীর্ঘমেয়াদি সমাধানের সূত্র খোঁজেনি। তাৎক্ষণিক সমাধানের পথে গেছে বলেই আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজকে না এলে হয়তো আগামীকাল আসত, আগামীকাল না হলে হয়তো পরশুদিন আসত। একটি সময় এই পরিস্থিতির মুখোমুখি আপনাকে-আমাকে হতেই হতো।’

সরকার দ্রুত পরিস্থিতি সামাল দিতে কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ সরবরাহে কিছুটা স্বস্তি ফিরবে।

 

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প নিয়ে একনেক সভা শুরু

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান