হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ‘১০০ শতাংশ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১০ আগস্ট) হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কেবল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতেই রয়েছে। মার্কিন বাহিনীর অবরোধকে ‘অভেদ্য’ উল্লেখ করে তিনি বলেন, এটি যেন একটি ‘ইস্পাতের দেয়াল’।
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, ‘আমরা ১০০ শতাংশ এই প্রণালি নিয়ন্ত্রণ করছি।’
তিনি আরও বলেন, ইরান ছাড়া অন্য সব দেশের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ এখন চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।
এ সময় ট্রাম্প জানান, হরমুজ প্রণালিজুড়ে মাইন অপসারণ বা ‘মাইন-সুইপিং’ কার্যক্রমও সম্পন্ন করেছে মার্কিন বাহিনী।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহন করা হয়। ফলে প্রণালিটির নিরাপত্তা ও চলাচল নিয়ে যেকোনো পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।
সূত্র: গালফ নিউজ