ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহ ও অভিনেত্রী শাবনূরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও গুঞ্জন রয়েছে। এমনকি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও বিভিন্ন সময়ে খবর ছড়িয়েছে। তবে এবার সেই গুঞ্জনকে সরাসরি নাকচ করে দিলেন সালমান শাহর মা নীলা চৌধুরী।
সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন বিষয়ে কথা বলেন নীলা চৌধুরী। এ সময় ছেলে সালমান শাহর সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি।
নীলা চৌধুরীর দাবি, সালমান শাহ ও শাবনূরের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং শাবনূরকে নিজের বোনের মতোই দেখতেন সালমান।
তিনি বলেন, ‘সালমানের সঙ্গে শাবনূরের কোনো প্রেম ছিল না। শাবনূর আমার ছেলের ওপর নির্ভরশীল ছিল। সালমান তাকে সাহায্য করার চেষ্টা করত। তার কোনো বোন ছিল না, তাই শাবনূরকে বোনের মতোই দেখত। তাকে স্নেহ করত।’
সালমান শাহর মৃত্যুর পর থেকেই তার সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনা সামনে আসে। তবে শাবনূর বরাবরই দাবি করে এসেছেন, সালমানের সঙ্গে তার সম্পর্ক ছিল ভাই-বোনের মতো। নীলা চৌধুরীর সাম্প্রতিক বক্তব্যও সেই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহর। প্রথম সিনেমায় তার নায়িকা ছিলেন মৌসুমী। এরপর ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। এই সিনেমার পর থেকেই ঢাকাই চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা পায় সালমান-শাবনূর জুটি।
মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান শাহ অভিনয় করেন ২৭টি সিনেমায়। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। ‘তুমি আমার’ দিয়ে শুরু হওয়া এই জুটি পরবর্তী সময়ে অভিনয় করে ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’সহ বেশ কয়েকটি সিনেমায়।
তাদের অভিনীত অধিকাংশ সিনেমাই দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য পায়। পর্দায় তাদের জনপ্রিয়তার পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও তৈরি হয় নানা আলোচনা। দীর্ঘদিন পর নীলা চৌধুরীর বক্তব্যে সেই সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।