বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নতুন বিধিনিষেধ ও জরিমানা আরোপের প্রস্তাব দিয়েছে ইরান। এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। খবর রয়টার্সের।

শুক্রবার (৭ আগস্ট) বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৮০ সেন্ট বা ০.৯৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩.২৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৬৪ সেন্ট বা ০.৮৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৭.৯৩ ডলারে লেনদেন হয়েছে।

ইরানের বার্তা সংস্থা ফারস জানায়, দেশটি তাদের পার্লামেন্টে একটি খসড়া বিল পর্যালোচনা করছে। এতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও অন্যান্য ‘শত্রুভাবাপন্ন’ দেশের বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নিয়ম অমান্য করলে জাহাজের পণ্যের মোট মূল্যের ২০ শতাংশ পর্যন্ত জরিমানার প্রস্তাব রাখা হয়েছে।

এছাড়া প্রণালিটি ব্যবহারের জন্য পণ্যের মূল্যের ওপর ইরান ৫ থেকে ৭ শতাংশ এবং ওমান ৩ শতাংশ সেবা মাশুল বা টোল দাবি করছে। তবে ওয়াশিংটন কোনো ধরনের মাশুল দিতে একেবারেই নারাজ।

বাজার বিশ্লেষকদের মতে, সপ্তাহের শুরুতে সংঘাত কমার গুঞ্জনে তেলের দাম কমলেও নতুন এই শর্তের খবরে আবারও দরবৃদ্ধি শুরু হয়েছে। কারণ প্রণালিটি দিয়ে আগের মতো স্বাভাবিক পরিবহণ চালুর বদলে শর্তসাপেক্ষ যাতায়াত ব্যবস্থা গড়ে উঠলে সরবরাহ ব্যাহত হতে পারে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যুদ্ধ দ্রুতই শেষ হতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও কঠোর বীমা নীতিমালার কারণে এই প্রস্তাবিত সমঝোতা বাস্তবায়ন করা বেশ কঠিন হবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

Related posts

লিথুয়ানিয়ার আকাশে সন্দেহভাজন রুশ ড্রোন ভূপাতিত করল ইতালীয় যুদ্ধবিমান

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামিকে রুখে দিল ন্যাশভিল

ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস