ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ চলচ্চিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডভানি। সিনেমাটির কিছু ঘনিষ্ঠ ও সাহসী দৃশ্যে অভিনয়ের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিশেষ করে একাংশের নেটিজেনদের দাবি, মা হওয়ার পর এমন চরিত্রে অভিনয় করা তার জন্য উপযুক্ত হয়নি।
তবে সমালোচনা ও ট্রলকে গুরুত্ব না দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কিয়ারা। তিনি জানিয়েছেন, একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে এবং ভিন্নধর্মী চরিত্রে কাজ করার চ্যালেঞ্জ গ্রহণ করতেই টক্সিক-এ যুক্ত হয়েছেন। চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, এই সিনেমাটি কিয়ারার ক্যারিয়ারের অন্যতম ব্যতিক্রমী ও সাহসী কাজ হিসেবে বিবেচিত হতে পারে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের যুক্ত হওয়ার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে কিয়ারা বলেন, গল্পটা প্রথম যখন শুনি, তখনই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার চরিত্রটি সুন্দর ভাবে তৈরি করা হয়েছে, একজন অভিনেত্রী হিসেবে এমন চরিত্রই তো সব সময় খুঁজি। আমার মনে হয়েছিল, ক্যারিয়ারের এমন এক জায়গায় পৌঁছেছি, যেখানে এমন কঠিন একটি চরিত্র করার আত্মবিশ্বাস এসেছে।