পেনাল্টির আগে দোয়া, জয়ের পর সিজদা—মরক্কোর ইসলাম শক্তি ছুঁয়েছে বিশ্বকে

বিশ্বকাপের নকআউট পর্বে পেনাল্টি শুটআউটের আগে বেশিরভাগ দলকে শেষ মুহূর্তের পরিকল্পনা ও কৌশল নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। কিন্তু মরক্কো বেছে নিয়েছিল অন্য এক পথ। তারা কৌশলের পাশাপাশি সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে একসঙ্গে কোরআনের আয়াত তিলাওয়াত করেন এবং দোয়া করেন। সেই দৃশ্য মাঠে যেমন আবেগ ছড়িয়েছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও হয়েছে ব্যাপক আলোচনার বিষয়।

নেদারল্যান্ডসের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচটি নির্ধারিত সময় শেষে ১-১ সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারের আগে প্রধান কোচ মোহাম্মদ ওহাবির নেতৃত্বে পুরো দল গোল হয়ে দাঁড়িয়ে কোরআনের আয়াত তিলাওয়াত করেন এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করেন।

এরপর শুরু হওয়া টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে মরক্কো। শেষ পেনাল্টিতে ইসমাইল সাইবারি সফলভাবে বল জালে পাঠানোর পর খেলোয়াড় ও কোচিং স্টাফ আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন। তার আগে অনেকেই মাঠেই সিজদায় নত হয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ম্যাচ শেষে সেই আবেগঘন মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা মরক্কো দলের এই বিশ্বাস ও ঐক্যের প্রশংসা করেন।

তবে মরক্কো দলের জন্য এটি নতুন কোনো ঘটনা নয়। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দোয়া করা এবং ম্যাচ শেষে জয় বা হার, উভয় অবস্থাতেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিজদা দেওয়া তাদের দীর্ঘদিনের একটি অনুশীলন।

দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার নুসাইর মাজরাউইও অতীতে জানিয়েছেন,‘আমি হয়তো এই বিশ্বকাপের পরেই ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি। জীবন খুবই সংক্ষিপ্ত। আমি পবিত্র কোরআন মুখস্থ করতে চাই এবং একদিন কোনো এক মসজিদের ইমাম হতে চাই।’

এদিকে দারুণ ছন্দে রয়েছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড ইসমাইল সাইবারি। চলতি বিশ্বকাপে চার ম্যাচে তিনটি গোল করেছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে জয়সূচক পেনাল্টিটিও এসেছে তাঁর পা থেকেই।

Related posts

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামিকে রুখে দিল ন্যাশভিল

আব্বাসের জোড়া আঘাতে ওয়াসিম আকরামের ২৭ বছরের রেকর্ডে ভাগ