বাহরাইনের উদ্দেশে কড়া সতর্কবার্তা ছুড়ে দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার একজন উপদেষ্টা এই সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, কোনও ধরনের উসকানি দেয়া হলে মানামার বিরুদ্ধে আরও কঠোর ও শক্তিশালী ব্যবস্থা নেবে তেহরান। খবর আল জাজিরার
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত বার্তায় দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি বলেন, ‘বাহরাইনকে কড়া সতর্কবার্তা দেয়া হচ্ছে। দেশটির সীমা কতটুকু তা তাদের জানা উচিত। নিজেদের ভাগ্য নিয়ে এভাবে খেলা করা এবং ইরানকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করা উচিত হবে না।’
গত কয়েকদিনে দুই দফা মার্কিন হামলার জবাবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে পাল্টা আঘাত হানে ইরান। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র অঞ্চলটির সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের ভূখণ্ডে হামলা চালায়।
তবে উপসাগরীয় দেশটি এ অভিযোগ অস্বীকার করেছে। বাহরাইন হামলার নিন্দা জানিয়ে বলেছে, এসব হামলা দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং অঞ্চলে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার সুযোগকে ক্ষুণ্ন করেছে।
এ ছাড়া রোববার (২৮ জুন) এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সর্বশেষ ইরানের হামলা প্রমাণ করে যে ইরানের কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বাহরাইনের সার্বভৌমত্ব এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার বিরুদ্ধে ইচ্ছাকৃত ও ধারাবাহিক হামলার অংশ।’
বিবৃতিতে মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলা হয়, ২০২৬ সালের ২৮১৭ নম্বর প্রস্তাবের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, চলমান আগ্রাসনের অবসান ঘটাতে হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।