ফিফা বিশ্বকাপ ২০২৬ দিয়েই হেক্সা শিরোপা জয়ের মিশনে নেমেছে ব্রাজিল। সেই মিশনের শুরুটা অবশ্য হয়েছিল হোঁচট দিয়েই। গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই ড্র করে সেলেসাওরা।
আফ্রিকার দলটির বিপক্ষে সেলেসাওদের পারফর্ম্যান্সও ছিল হতাশাজনক। এ কারণে অনেকে আশাই ছেড়ে দিয়েছিলেন। তবে প্রথম রাউন্ডের বাকি দুই ম্যাচ দিয়েই রাজসিক প্রত্যাবর্তন দেখিয়েছে কার্লো আনচেলত্তির দল। হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর শেষ ম্যাচে স্কটল্যান্ডকেও একই ব্যবধানে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
টানা দুই ম্যাচে বড় ব্যবধানের জয়ে গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। শেষ বত্রিশের ম্যাচে এশিয়ার শক্তিশালী দল জাপানের বিপক্ষে নামবে সেলেসাওরা। গ্রুপ ‘এফ’-এ সুইডেনের সাথে ১-১ গোলে ড্র করে রানার্স-আপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে হাজিমে মোরিয়াসুর জাপান। বিশ্বকাপের নতুন ব্র্যাকেট অনুযায়ী, এই দুই দল এখন শেষ ষোলোর টিকিট নিশ্চিতের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে।
গ্রুপ পর্ব দাপুটে পারফর্ম্যান্স দিয়ে শেষ করলেও শেষ বত্রিশের লড়াইয়ে নামার আগে খুব বেশি সময় পাচ্ছে না ব্রাজিল। শেষ ষোলো নিশ্চিত করার মিশনে আগামী ২৯ জুনই মাঠে নামতে হবে সেলেসাওদের। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচটি হবে আগামী সোমবারেই। ম্যাচটি অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে গড়াবে ম্যাচটি।
ম্যাচের সময়সূচি ও ভেন্যু
ম্যাচ: ব্রাজিল বনাম জাপান (রাউন্ড অব ৩২)
তারিখ: ২৯ জুন ২০২৬, সোমবার (বাংলাদেশি তারিখ অনুযায়ী)
সময়: রাত ১১:০০ টা (বাংলাদেশ সময় অনুযায়ী)
ভেন্যু: এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, টেক্সাস (যুক্তরাষ্ট্র)।
হিউস্টনের মাঠে এই ‘ল্যাটিন সাম্বা বনাম ব্লু সামুরাই’ দ্বৈরথে যে দলই জিতবে, তারা সরাসরি পা রাখবে বিশ্বকাপের রাউন্ড অব ১৬ বা কোয়ার্টার-ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে। সোমবার রাতের এই ব্লকবাস্টার ম্যাচটি দেখতে তাই মুখিয়ে আছেন কোটি বাঙালি ফুটবল ভক্ত।