‘দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এতে করে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে গণিতভিত্তিক দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা গড়ে তোলা যাবে।’
রাজধানীর একটি বেসরকারি স্কুল পরিদর্শন শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব জানান।
তিনি বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী প্রজন্ম তৈরি এবং আধুনিক, দক্ষতা-ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি শক্তিশালী করতে হবে। সে লক্ষ্যেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির অংশ হিসেবে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা নেয়া হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনি ইশতেহার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা-ভিশনের আলোকে আমরা এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবে। ম্যাথ ল্যাব সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
ববি হাজ্জাজ আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ দেশের প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষতা-ভিত্তিক এবং প্রযুক্তিবান্ধব করে তুলবে এবং স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক,অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।