কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশী সঞ্জয়

৪৮ দলের বিশ্ব ফুটবল মহাযজ্ঞে মাঠের লড়াইয়ে লাল-সবুজের প্রতিনিধিরা নেই। এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের বৈতরণী পার করতে পারেনি বাংলাদেশ ফুটবল দল। তবে ফুটবল মাঠে সরাসরি খেলতে না পারলেও, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বাংলাদেশের এক গর্বিত প্রতিনিধি। বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে এবার ফিফা বিশ্বকাপের উদ্বোধন মাতাবেন বাংলাদেশী বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়।

বাংলাদেশ সময় আজ শুক্রবার (১২ জুন) রাত ১টায় কানাডার টরন্টো শহরের ‘টরন্টো স্টেডিয়ামে’ ফিফা বিশ্বকাপ ২০২৬-এ স্বাগতিকদের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে তারা মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনার। এই ম্যাচের ঠিক ৯০ মিনিট আগে শুরু হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, যার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন বাংলাদেশের এই সন্তান।

ফিফার অফিশিয়াল ঘোষণা অনুযায়ী, টরন্টোর এই উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন কানাডিয়ান পপ আইকন মাইকেল বুবলে এবং অ্যালানিস মরিসেটের মতো বিশ্বখ্যাত সব বৈশ্বিক মেগাস্টাররা। আর তাদের সঙ্গেই একই কাতারে পারফর্ম করে বিশ্বমঞ্চ মাতাবেন সঞ্জয়।

বাংলাদেশে জন্ম নেওয়া সঞ্জয় দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের মেধা ও কাজ দিয়ে এক অনন্য অবস্থান তৈরি করেছেন। লস অ্যাঞ্জেলেস ভিত্তিক এই ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। নিজের ঘরের কোণে বসে বিট তৈরি করা থেকে আজ অফিশিয়ালি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে পারফর্ম করতে যাচ্ছি! বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজের শেকড়কে রিপ্রেজেন্ট করছি।’

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম যৌথভাবে তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা টুর্নামেন্টটি আয়োজন করছে। আর ফিফার ইতিহাসে এবারই প্রথম তিন আয়োজক দেশেই ভিন্ন ভিন্ন তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের জমকালো আয়োজন করা হয়েছে। টরন্টোর এই বিশেষ আয়োজনে আন্তর্জাতিক তারকাদের পাশাপাশি একজন বাংলাদেশী বংশোদ্ভূত শিল্পীর উপস্থিতি দেশের কোটি কোটি ফুটবলপ্রেমীর মাঝে ভিন্ন এক উন্মাদনা ও গর্বের আমেজ যোগ করেছে। মাঠে বাংলাদেশের ফুটবল না থাকলেও, কোটি ফুটবল ভক্ত আজ রাতে টিভির পর্দায় চোখ রাখবেন লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয়ের মিউজিক বিটে মেতে উঠতে।

Related posts

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামিকে রুখে দিল ন্যাশভিল

আব্বাসের জোড়া আঘাতে ওয়াসিম আকরামের ২৭ বছরের রেকর্ডে ভাগ