Home সারাদেশবরিশাল বরগুনায় বাসচাপায় নিহত ২

বরগুনায় বাসচাপায় নিহত ২

A+A-
Reset

বরগুনার আমতলী উপজেলায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মো. মধু হাওলাদারের ছেলে মো. সজীব (২৫) ও তার শ্যালক সাইফুল ইসলাম (১৬)। এ ঘটনায় আহত হয়েছেন নিহত সাইফুল ইসলামের ছোট ভাই আছাদুল ইসলাম (১৪)। তিনি বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আমতলী থেকে মোটরসাইকেলযোগে সজীব হাওলাদারের সঙ্গে তার দুই শ্যালক সাইফুল ইসলাম ও আছাদুল ইসলাম কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা ‘সম্রাট পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সজীব হাওলাদার নিহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় সাইফুল ইসলাম ও আছাদুল ইসলামকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন সাইফুলের মৃত্যু হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, কুয়াকাটা থেকে ছেড়ে আসা সম্রাট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা