কেন সাদা-কালো স্যুট পরেন মুখ্যমন্ত্রী বিজয়? নিজেই জানালেন কারণ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর থেকেই অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয় থালাপতির পোশাক নিয়ে আলোচনা থামছে না। বিশেষ করে শপথ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ভেস্তি-শার্টের পরিবর্তে কালো রঙের প্যান্টস্যুট পরে হাজির হওয়ায় ব্যাপক চর্চার জন্ম দেন তিনি। এবার সেই পোশাকের পেছনের কারণ নিজেই ব্যাখ্যা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

তিরুচিরাপল্লিতে মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার (১ জুন) নিজের প্রথম জনসভায় বক্তব্য দেন বিজয়। সেখানে তিনি বলেন, সম্প্রতি তার পরা নতুন স্যুট নিয়ে অনেকেই কথা বলছেন।

সমর্থকদের উদ্দেশে বিজয় বলেন, অনেকেই জানতে চাইছেন আমি কেন স্যুট পরছি। কোট-স্যুট কি শুধু ক্ষমতাবানদের জন্য? আমরা কি তা পরতে পারি না? আমি তো নানা রঙের পোশাক পরছি না। শুধু কালো ও সাদা রঙ ব্যবহার করছি, ঠিক আমাদের হৃদয়ের মতো। এই দুটি রঙ বেছে নেয়ার কারণ হলো আমি সব বিষয়ে স্বচ্ছ ও সরল থাকতে চাই। কালো-সাদার মতোই আমার অবস্থান পরিষ্কার থাকবে।

বিজয়ের এই বক্তব্যে জনসভায় উপস্থিত সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। এ সময় তিনি আরও বলেন, আমি দীর্ঘ ব্যাখ্যা দিতে বা অপ্রয়োজনীয় কথা বলতে পছন্দ করি না। সবাই জানেন, বেশিরভাগ সভায় আমি ২০ মিনিটের বেশি কথা বলি না।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার দিন বিজয়ের পরা কালো স্যুটটি ডিজাইন করেছিলেন ফ্যাশন ডিজাইনার জাফির ও শাদাব। শপথ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তারা লিখেছিলেন, এটি একটি গর্বের ঐতিহাসিক মুহূর্ত। তামিলনাড়ুর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিজয় জোসেফকে অভিনন্দন। শপথ অনুষ্ঠানের জন্য বিশেষভাবে তৈরি আমাদের কালো স্যুট পরিধান করেছেন তিনি। এর অংশ হতে পেরে আমরা সম্মানিত।

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিন ধরেই সাদা শার্ট ও ভেস্তি নেতাদের প্রধান পোশাক হিসেবে পরিচিত। সেই প্রথা ভেঙে পশ্চিমা ধাঁচের স্যুট বেছে নেয়ায় বিজয়ের পোশাক বিশেষভাবে আলোচনায় এসেছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চলচ্চিত্র জগৎ থেকে অবসরের ঘোষণা দিয়ে নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে) গঠন করেন বিজয়। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে দলটি ১০৮টি আসনে জয়লাভ করে। পরে জোটসঙ্গীদের সমর্থনে সরকার গঠন করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি।

Related posts

লন্ডনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইউকে বাংলা ব্যান্ড ফেস্ট ২০২৬

মডেল রিধিকার মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় বন্ধু গ্রেপ্তার

আদালতে হাজির হয়ে জামিন পেলেন তানজিন তিশা