ভারতে ট্রেনে ভয়াবহ আগুন

ভারতের মধ্যপ্রদেশের রতলামে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তথ্য এনডিটিভির।

রোববার (১৭ মে) ভোর প্রায় ৫টা ১৫ মিনিটে ট্রেনটির বি-১ কোচে আগুনের সূত্রপাত হয়। ওই কোচে তখন ৬৮ জন যাত্রী ছিলেন। বিক্রমগড় আলোট ও লুনি রিছা স্টেশনের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আগুন লাগার পর দ্রুত আক্রান্ত কোচটি ট্রেন থেকে আলাদা করে ফেলা হয়। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ওভারহেড ইলেকট্রিক সাপ্লাই (ওএইচই) বন্ধ করে দেয়া হয়। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিচ্ছিন্ন করা কোচ থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। আগুনের আঁচে রেললাইনের পাশের কিছু গাছেও আগুন ধরে যায়।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। পরে তাদের অন্য কোচে স্থানান্তর করে কোটা পর্যন্ত যাত্রার ব্যবস্থা করা হয়।

রাজধানী এক্সপ্রেসটি সকাল ১১টার দিকে কোটা স্টেশনে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে অতিরিক্ত একটি কোচ যুক্ত করে ট্রেনটির পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করা হবে।

১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেসটি শুক্রবার কেরালার তিরুবনন্তপুরম থেকে ছেড়ে আসে। আজ দুপুর ১২টা ৩০ মিনিটে দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা ছিল ট্রেনটির। আগুন লাগার সময় ট্রেনটি প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং দিল্লি থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে ছিল।

এর একদিন আগেই, শুক্রবার হায়দরাবাদ-জয়পুর স্পেশাল ট্রেনের একটি খালি কোচেও আগুন লাগার ঘটনা ঘটে। ট্রেনটি ছাড়ার জন্য প্ল্যাটফর্মে আনার সময় হায়দরাবাদ রেলস্টেশনে আগুনটি ধরা পড়ে।

সে সময় কোচে কোনো যাত্রী ছিলেন না এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। দক্ষিণ মধ্য রেলওয়ে জানিয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে ক্ষতিগ্রস্ত কোচগুলো ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়।

Related posts

মক্কায় হামলার দাবি ‘পুরোনো ও ভিত্তিহীন মিথ্যা’: হুথি কর্মকর্তা

ইয়েমেনে সংঘাত তীব্র, ঘরছাড়া এক লাখের বেশি মানুষ: জাতিসংঘ

লিথুয়ানিয়ার আকাশে সন্দেহভাজন রুশ ড্রোন ভূপাতিত করল ইতালীয় যুদ্ধবিমান