ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরসালিন (২২) ও নবীর হোসেন (৫৫) নামে দু্ই বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুরছালিন ওই ইউনিয়নের ধজনগর গ্রামের বাতেনবাড়ি এলাকার খেবজু মিয়ার ছেলে এবং স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
একই ঘটনায় বিএসএফের গুলিতে একাধিক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের কুমিল্লায় নেয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
নিহতের পরিবার জানায়, কয়েকজন চোরাকারবারী রাতে মুরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে খামারহাটি সীমান্ত এলাকায় নিয়ে যায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মুরছালিন নিহত হন। পরে তার মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার খবর তারা পেয়েছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালান সংক্রান্ত ঘটনার জেরেই এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম বলেন, তারা চোরাকারবারীর সঙ্গে জড়িত, ভারত প্রবেশকালে তারা বিএসএফের গুলিতে নিহত হন। তিনি আরও বলেন, তাদের লাশ ভারতের মর্গে আছে, দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।