সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ৮ জন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩ মে) সকালে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে।

নিহতদের বেশিরভাগের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বলে জানা গেছে। তারা বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজে সিলেট শহর থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

তিনি জানান, ডিআই পিকআপে করে শ্রমিকেরা সুনামগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। আর কাঁঠালবাহী ট্রাক ওই পথ দিয়ে আসতে গিয়ে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হয়েছেন আর হাসপাতালে গিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আট জন আহত হয়েছেন।

অতিরিক্ত উপকমিশনার আরও জানান, দুর্ঘটনার পরপরই দুই গাড়ির চালক পালিয়ে গেছে। তবে ট্রাকের হেল্পারকে আটক করা হয়েছে।

নিহত আট জনের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে ​মো. সুরুজ আলী (৬০), একই গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)।

 

Related posts

না জানিয়ে আচমকা মন্ত্রীর আগমন পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটক তালাবদ্ধ

গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

উচ্ছেদ অভিযানে লন্ডভন্ড জৈনাবাজার: কোটি টাকার ক্ষতির মুখে শতাধিক ব্যবসায়ী