ডাকসু ও হল সংসদ নির্বাচনে উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আজ মঙ্গলবার বেলা আড়াইটা পর্যন্ত ৮০ শতাংশ ভোট পড়েছে। একই সময়ে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে ৮২ শতাংশ ভোট পড়েছে।
উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রপ্রধান এস এম শামীম রেজা বেলা তিনটার দিকে বলেন, কবি জসিম উদদীন হলের ১ হাজার ৬৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১ হাজার ২১২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১ হাজার ৩৫০ জন ও মাস্টারদা সূর্যসেন হলের ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। তিনি সাংবাদিকদের আরও বলেন, সবচেয়ে বেশি ভোট পড়েছে জসিমউদ্দীন হলে। অনাবাসিক শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এই কেন্দ্রে ব্রেইল পদ্ধতিতেও ভোট দিয়েছেন অনেক শিক্ষার্থী।
অন্যদিকে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে বেলা আড়াইটা পর্যন্ত ৪ হাজার ভোট পড়েছে। যা এই কেন্দ্রে মোট ভোটারের ৮২ শতাংশ বলে জানান কেন্দ্রটিতে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তারা।
সিনেট ভবনে মোট তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে রয়েছে ডাইনিং রুম, সেমিনার রুম এবং অ্যালামনাই ফ্লোর কেন্দ্র। তিনটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৮৩৫টি।
ডাইনিং রুম কেন্দ্রে বিজয় একাত্তর হলের ২ হাজার ৪৩ শিক্ষার্থী ভোট দেওয়ার কথা। বেলা আড়াইটা পর্যন্ত এ কেন্দ্রে ১ হাজার ৮০০ ভোট পড়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা তৌহিদুল ইসলাম।
সেমিনার রুম হলে মুহসীন হলের ১ হাজার ৪০৯ জন শিক্ষার্থীর ভোট দেওয়ার কথা। বেলা আড়াইটা পর্যন্ত এ কেন্দ্রে ১ হাজার ১০০ ভোট পড়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ।
অ্যালামনাই ফ্লোর কেন্দ্রে স্যার এ এফ রহমান হলের ১ হাজার ৩৮৩ শিক্ষার্থী ভোট দেওয়ার কথা। এই কেন্দ্রে বেলা আড়াইটা পর্যন্ত ১ হাজার ১০০ ভোট পড়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান।
বেলা আড়াইটার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা। তিনি প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারছে। এখনো সময় আছে। ভোটারও আসছে। আশা করছি, উল্লেখযোগ্য ভোট পড়বে।