Home আজকের মিল্লাত শ্রীপুরে ভিক্ষুক জুলেখা হত্যা: ১০ মাসেও গ্রেপ্তার নেই, বিচারের দাবিতে মানববন্ধন

শ্রীপুরে ভিক্ষুক জুলেখা হত্যা: ১০ মাসেও গ্রেপ্তার নেই, বিচারের দাবিতে মানববন্ধন

A+A-
Reset

ফারুক আহমদ :

গাজীপুরের শ্রীপুরে ভিক্ষুক জুলেখা বেগম (৫০) হত্যাকাণ্ডের ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শ্রীপুর উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নিজমাওনা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন, হত্যাকাণ্ডের দীর্ঘ ১০ মাস অতিবাহিত হলেও মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা হয়নি। তাঁরা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

নিহত জুলেখা বেগম (৫০) মৃত কুদরত আলীর মেয়ে। গত বছরের ২৬ ডিসেম্বর তিনি নিজ বাড়ি থেকে বের হন। এর দুই দিন পর, ২৯ ডিসেম্বর শ্রীপুরের নিজমাওনা এলাকার ‘ঢাকাইয়া ভিটা’ নামক স্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের দাবি, ভিক্ষা করে জমানো ১ লাখ ১২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে জুলেখা বেগমকে হত্যা করা হয়েছে। পরবর্তী সময়ে ময়নাতদন্তের প্রতিবেদনে তাঁকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের একজন অসহায় নারীর এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার দীর্ঘদিনেও নিশ্চিত না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের গ্রেপ্তার করা না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।

এ সময় তাঁরা অবিলম্বে মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা