Home আজকের মিল্লাত লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির খোঁজে পুলিশ, ১০ হাজার পাউন্ড পুরস্কার

লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির খোঁজে পুলিশ, ১০ হাজার পাউন্ড পুরস্কার

A+A-
Reset

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিকের সন্ধান করছে দেশটির পুলিশ। তাঁদের অবস্থান শনাক্ত করতে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়ক তথ্যের জন্য ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে দাতব্য সংস্থা ক্রাইম স্টপার্স।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লন্ডন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খোঁজ করা দুই ব্যক্তি হলেন ৩১ বছর বয়সী শওকত আহমেদ ও ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদার। তাঁদের দুজনেরই লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার সঙ্গে যোগাযোগ রয়েছে। পুলিশের ধারণা, শওকত আহমেদ এখনো যুক্তরাজ্যে অবস্থান করছেন। অন্যদিকে জাহিদুল হাসান বাংলাদেশে চলে গিয়ে থাকতে পারেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ আগস্ট রাতে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। কিশোরীর দেওয়া বর্ণনা অনুযায়ী, লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডে ওই দুই ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরে তাঁরা তাকে কাছের উইভার্স ফিল্ডস পার্কে নিয়ে যান। সেখানে ধর্ষণের ঘটনা ঘটে। পরে এক পথচারী কিশোরীকে দেখতে পেয়ে সহায়তা করেন।

ঘটনার পর থেকেই তদন্ত চালিয়ে আসছে পুলিশ। এ পর্যন্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, ফরেনসিক পরীক্ষা এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলাসহ বিভিন্ন তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা কর্মকর্তা আনা ডেইটন বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ ব্যাপক অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এখন শওকত আহমেদ ও জাহিদুল হাসানের অবস্থান শনাক্ত করে তাঁদের সঙ্গে কথা বলতে চান তদন্তকারীরা। তাঁদের একজন যুক্তরাজ্যে এবং অন্যজন বাংলাদেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে ওই দুই ব্যক্তিকেও পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

ক্রাইম স্টপার্সের লন্ডন অঞ্চলের ব্যবস্থাপক আলেক্সা লুকাস বলেন, ওই কিশোরী ভয়াবহ ও মানসিকভাবে বিপর্যয়কর হামলার শিকার হয়েছে। তদন্তে দুই ব্যক্তিকে শনাক্ত করা অগ্রগতির বিষয় হলেও এখন তাঁদের অবস্থান নিশ্চিত করা জরুরি। কারও কাছে সামান্য কোনো তথ্য থাকলেও তা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিচয় গোপন রেখেও ক্রাইম স্টপার্সের কাছে তথ্য দেওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি।

লন্ডন পুলিশ ওই দুই ব্যক্তির ছবি ও পরিচয় প্রকাশ করেছে। এ ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে ১০১ নম্বরে ফোন করে ০১/৬৬৮২৯৫/২৪ রেফারেন্স নম্বর উল্লেখ করতে বলেছে পুলিশ। এ ছাড়া পরিচয় গোপন রেখে তথ্য দিতে ক্রাইম স্টপার্সের ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে যোগাযোগ করা যাবে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা