Home সারাদেশঢাকা কেয়া গ্রুপের ৪ কারখানায় ৭৩৯ কর্মী ছাঁটাই, শ্রমিকদের ক্ষোভ

কেয়া গ্রুপের ৪ কারখানায় ৭৩৯ কর্মী ছাঁটাই, শ্রমিকদের ক্ষোভ

A+A-
Reset

ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি পোশাক ও টেক্সটাইল কারখানায় ৭৩৯ জন কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। আর্থিক সংকট, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং অতিরিক্ত জনবলের অজুহাতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

সোমবার (১৯ অক্টোবর) রাতে কারখানার প্রধান ফটকে ছাঁটাইয়ের নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে কাজে এসে নোটিশ দেখে কান্না ও ক্ষোভে ভেঙে পড়েন দীর্ঘদিনের পুরনো কর্মীরা।

ছাঁটাই হওয়া কারখানার তালিকায় রয়েছে কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন এবং কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড। কর্তৃপক্ষ জানায়, বকেয়া গ্যাস বিলের কারণে সংযোগ বন্ধ থাকায় গত ৬ জুন থেকে কারখানাগুলোতে লে-অফ চলছিল। অবশেষে খরচ কমাতে শ্রম আইন অনুযায়ী পদ বিলুপ্ত করে কর্মীদের ছাঁটাই করা হয়।

হঠাৎ চাকরি হারিয়ে পরিবার চালানো নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন বছরের পর বছর শ্রম দেওয়া কর্মীরা। শ্রমিক নেতারা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে শ্রমিকদের সব বকেয়া ও আইনগত পাওনা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগ জানায়, বাধ্য হয়েই শ্রম আইন মেনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কর্মীদের বকেয়া সুবিধা দ্রুত দেওয়া হবে। পরবর্তীতে নতুন কর্মী নিয়োগ দিলে এদের অগ্রাধিকার দেওয়া হবে।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে পুলিশ জানিয়েছে।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা