কাজী আশরাফুল আলম, গাজীপুর: ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আশাবাদ ব্যক্ত করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) গাজীপুরের টঙ্গী বাজারে অবস্থিত শ্রীশ্রী দুর্গামন্দির পরিদর্শনে গিয়ে তিনি দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি মন্দির মণ্ডপের জন্য ২ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘ধর্ম যার যার, কিন্তু উৎসবের আনন্দ সবার।’ তিনি সব ধর্মের মানুষের যৌথ অংশগ্রহণে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, বিএনপি নেতা মোস্তফা সরকার, মিন্টু সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম সাথী, যুবদল নেতা আকবর হোসেন, ফারুক, মোফাজ্জল উদ্দিন সরদার বিজয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
এমপি রনির অনুদান ঘোষণার পর উপস্থিত নেতাকর্মী ও পূজা উদযাপন কমিটির সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।