Home আজকের মিল্লাত কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১২ থেকে ১৫ শ্রমিক

কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১২ থেকে ১৫ শ্রমিক

A+A-
Reset

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। দুর্ঘটনার পর থেকে ১২ থেকে ১৫ জন খনি শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার (১৯ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানান, খনি ধসের পর প্রাথমিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। তবে বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জর্জ তোভার কাস্তিলো জানিয়েছেন, দুর্ঘটনার পরও বেশ কয়েকজন শ্রমিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

খনিটি কলম্বিয়ার ঘন বনবেষ্টিত সান্তা বারবারা দে ইসকুয়ান্দে এলাকায় অবস্থিত। দুর্গম এ অঞ্চলে যাতায়াতের জন্য নৌকা কিংবা ছোট উড়োজাহাজের ওপর নির্ভর করতে হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গভর্নর এসকোবার জানান, খনিটি ছিল ‘অনানুষ্ঠানিকভাবে’ পরিচালিত। এ মুহূর্তে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই কর্তৃপক্ষের প্রধান অগ্রাধিকার।

কলম্বিয়ার প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ও অবকাঠামো ছাড়াই অনেক অনিয়ন্ত্রিত ও অবৈধ খনি পরিচালিত হয়। এসব খনিতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

এর আগে গত আগস্টে নারিনো বিভাগের পলিকার্পা পৌরসভায় একই ধরনের একটি খনি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছিলেন।

সূত্র: আল-জাজিরা

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা