Home আজকের মিল্লাত সুদানে ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১৬০ ছাড়াল, গভীর উদ্বেগ জাতিসংঘের

সুদানে ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১৬০ ছাড়াল, গভীর উদ্বেগ জাতিসংঘের

A+A-
Reset

সুদানে সাম্প্রতিক সময়ে একের পর এক ড্রোন হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। চিকিৎসাকর্মী ও মানবাধিকার সংগঠনগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। এসব হামলায় বেসামরিক নাগরিক, বাস্তুচ্যুত মানুষ ও আধা-সামরিক বাহিনীর সদস্যরা হতাহত হয়েছেন।

ইমার্জেন্সি লয়ার্স নামের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, সোমবার (১৯ অক্টোবর) রাজধানী খার্তুমে ড্রোন হামলায় তিন শিশু নিহত হয়েছে। এ ছাড়া শুক্রবার (২৩ অক্টোবর) থেকে দেশটির পশ্চিমাঞ্চলে হামলায় ১৬০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সবচেয়ে প্রাণঘাতী হামলাটি ঘটে পশ্চিম কর্দোফান রাজ্যের আল-দিবাব শহরের একটি পরিবহন কেন্দ্রে। বাজার শেষে সেখানে বহু মানুষ জড়ো হয়েছিলেন। ড্রোন হামলায় ঘটনাস্থলেই ৮০ জন নিহত হন। আহত ৪৭ জনকে কাছের আল-মুজলিয়াদ শহরে নেওয়া হলে সেখানে আরও ৩০ জনের মৃত্যু হয়।

আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স এ হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করেছে।

অন্যদিকে, নীল নদের কাছের ব্লু নাইল রাজ্যে আরএসএফের পরিচালিত ড্রোন হামলায় ৪১ জন বাস্তুচ্যুত মানুষ নিহত হয়েছেন। দক্ষিণ দারফুরের নিয়ালা শহরে আরেকটি ড্রোন হামলায় আরএসএফের সাত কর্মকর্তাসহ ১৭ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।

সুদানজুড়ে ধারাবাহিক ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফপ্রধান মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। দীর্ঘ এ সংঘাতে এ পর্যন্ত অন্তত ৫৯ হাজার মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গৃহযুদ্ধের কারণে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এতে সুদানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে সুদানে অস্ত্র সরবরাহ নিয়ন্ত্রণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্ত্র নিষেধাজ্ঞা সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চীন ও রাশিয়া এ প্রস্তাবে আপত্তি জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা