গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ২ হাজার ৭৫০টির বেশি সুনির্দিষ্ট হামলা চালানোর দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। এসব হামলায় ইরান-সমর্থিত হুথি বাহিনীর ১ হাজার ৪০০ জনের বেশি যোদ্ধা হতাহত হয়েছেন বলেও দাবি করেছে তারা।
শুক্রবার (৯ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, হুথিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবায় প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি এ তথ্য জানান। তিনি বলেন, ‘ডন অব ইয়েমেন’ নামের অভিযানের আওতায় হুথিদের নিয়ন্ত্রিত ভূখণ্ডের গভীরে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু করা হয়েছে।
আল-নুজাইলি আরও বলেন, স্থলবাহিনী হুথিদের প্রতিরক্ষাব্যূহ ভেঙে গুরুত্বপূর্ণ অবস্থানগুলো পুনর্দখল করেছে। একই সঙ্গে অভিযানে অর্জিত সাফল্য ধরে রেখেছে তারা। নির্ধারিত সামরিক পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এর আগে, গত রোববার হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের ভূখণ্ড পুনরুদ্ধারের লক্ষ্যে ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরুর ঘোষণা দেয় দেশটির সরকার।
তবে হামলার সংখ্যা এবং হুথি যোদ্ধাদের হতাহতের বিষয়ে সরকারের এসব দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি