Home আজকের মিল্লাত মহালয়ার মধ্য দিয়ে শুরু দেবীপক্ষ, দুর্গাপূজার ক্ষণগণনা

মহালয়ার মধ্য দিয়ে শুরু দেবীপক্ষ, দুর্গাপূজার ক্ষণগণনা

A+A-
Reset

চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন এবং ঢাক-কাঁসা ও শঙ্খের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মধ্য দিয়ে শেষ হয়েছে পিতৃপক্ষ, শুরু হয়েছে দেবীপক্ষ। এর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনাও শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ভোরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার আয়োজনে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। অনুষ্ঠান উদ্বোধনের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি মহালয়ার বিভিন্ন আয়োজনে অংশ নেন।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এদিন চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হয়। একই সঙ্গে পিতৃপক্ষের অবসানে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ এবং তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন সনাতন ধর্মাবলম্বীরা।

পূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।

মহালয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধেসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা