Home আজকের মিল্লাত প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় সমন্বিত মাস্টারপ্ল্যান করছে সরকার

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় সমন্বিত মাস্টারপ্ল্যান করছে সরকার

A+A-
Reset

পরিকল্পিত ও সুষম নগরায়ণের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার। সোমবার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি প্রতিটি নাগরিকের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’কে সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, আবাসন শুধু চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে নিরাপদ পানি, স্যানিটেশন, পরিচ্ছন্ন পরিবেশ এবং মর্যাদাপূর্ণ নাগরিক সেবার নিশ্চয়তাও জড়িত।

নগর সম্প্রসারণের সঙ্গে যানজট, দূষণ, আবাসন সংকট ও জলবায়ুজনিত অভিবাসনের মতো চ্যালেঞ্জ বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীদের দীর্ঘদিনের আবাসনের মালিকানা অর্জনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি সমন্বিত বর্জ্য ও পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার কাজও চলছে।

পরিকল্পিত নগরায়ণের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করতে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জে পৃথক নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এসব কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১১) অর্জনে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

টেকসই আবাসন বাস্তবায়ন শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বেসরকারি খাত, এনজিও ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

গ্রাম ও শহরের বৈষম্য কমিয়ে সবার জন্য মানবিক, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা