34
নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর। প্রেষণে তাকে এ পদে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
একই প্রজ্ঞাপনে কর্নেল মো. সাইদুল ইসলামকে নতুন অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকেও প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির পর তাকে এ দায়িত্ব দেওয়া হলো।
এদিকে, অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।