জাতি গঠনে শিক্ষকদের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দিচ্ছে সরকার। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এতে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন। বক্তব্য দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ইউনেস্কো ঘোষিত এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য—‘শিক্ষকদের পাশে: পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা এগিয়ে নেওয়া এবং আমাদের ভবিষ্যৎ গড়া’। শিক্ষা ও সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান স্মরণ করা এবং শিক্ষকতা পেশার মর্যাদা সুদৃঢ় করাই দিবসটির মূল উদ্দেশ্য।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০১ জন শিক্ষক এ রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন—সাধারণ শিক্ষায় ৮ এবং মাদ্রাসায় ২ জন; মাধ্যমিক পর্যায়ে ২০ জন—সাধারণ মাধ্যমিকে ১০, কারিগরিতে ৫ ও মাদ্রাসায় ৫ জন; কলেজ পর্যায়ে ২৫ জন—সাধারণ শিক্ষায় ১৫, কারিগরিতে ৫ ও মাদ্রাসায় ৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন—সরকারি বিশ্ববিদ্যালয়ে ১৮ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ২ জন রয়েছেন।
এ ছাড়া চিকিৎসা শিক্ষায় ১০ জন—মেডিকেল কলেজে ৫ ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৫ জন; কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন; প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন; বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন এবং প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় নির্বাচিত আরও ৬ জন শিক্ষক এ তালিকায় রয়েছেন।
গুণী শিক্ষক নির্বাচনের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পৃথক সার্চ কমিটি গঠন করে। প্রতিটি ক্যাটাগরিতে সুপারিশ করা প্যানেল থেকে জাতীয় স্টিয়ারিং কমিটি যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা অনুমোদন করে।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনের কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি রাজধানীসহ দেশের সব জেলা-উপজেলা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।