শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করার অভিযোগে করা মামলা থেকে নিষ্পত্তি পেতে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যকে ১০০ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে টিকটক। আগামী সোমবার জুরি ট্রায়াল শুরুর ঠিক আগে সমঝোতার মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির অভিযোগে কোনো অঙ্গরাজ্যের করা মামলায় টিকটকের এটি প্রথম সমঝোতা। গত বছর টিকটক ও এর মালিক প্রতিষ্ঠান চীনা কোম্পানি বাইটড্যান্সের বিরুদ্ধে মামলা করে আলাবামা।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির অভিযোগে টিকটকের বিরুদ্ধে এটিই একমাত্র মামলা নয়। ২০২৪ সালে আরও এক ডজনের বেশি অঙ্গরাজ্য টিকটকের বিরুদ্ধে মামলা করে। এসব মামলায় অভিযোগ করা হয়, কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তুলতে ইচ্ছাকৃতভাবে অ্যাপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে।
অর্থ দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের নিরাপত্তায় বেশ কিছু পরিবর্তন আনতেও সম্মত হয়েছে টিকটক। বিভিন্ন অঙ্গরাজ্যে দায়ের করা মামলাগুলোতে উত্থাপিত উদ্বেগের সমাধান করাই এসব পদক্ষেপের লক্ষ্য। টিকটকের নেওয়া নিরাপত্তাব্যবস্থাগুলো মেটার সঙ্গে ৪৭টি অঙ্গরাজ্যের করা সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির মামলার সমঝোতার সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। ওই মামলাগুলো নিষ্পত্তিতে মেটা ১৮ বিলিয়ন ডলারে সমঝোতা করেছিল।
নতুন ব্যবস্থার আওতায় অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য প্রতিদিন টিকটক ব্যবহারের সময়সীমা দুই ঘণ্টা নির্ধারণ করা হবে। অভিভাবকদের জন্য অতিরিক্ত নিয়ন্ত্রণের সুবিধাও থাকবে, যার মাধ্যমে তারা এই সময়সীমা আরও কমিয়ে দিতে পারবেন।
এ ছাড়া টিকটকে সীমাহীন স্ক্রলিং এবং রাতের বেলায় অ্যাপ ব্যবহারের ওপরও বিধিনিষেধ আরোপ করা হবে। তরুণ ব্যবহারকারীদের জন্য সৌন্দর্যবর্ধক ফিল্টার নিষিদ্ধ করা হবে। পাশাপাশি তাদের এমন কনটেন্ট ফিড ব্যবহারের সুযোগ দেওয়া হবে, যা ব্যক্তিগত পছন্দের ওপর ভিত্তি করে তৈরি নয়।
টিকটক এসব পরিবর্তন বাস্তবায়নে ব্যর্থ হলে সর্বোচ্চ ৩০০ মিলিয়ন ডলার পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হতে পারে।
এর আগে আগস্টে শিশুদের গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের করা একটি মামলা নিষ্পত্তিতেও টিকটক ৪০০ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়। ওই সময় বিচার বিভাগ স্বীকার করে, মামলা করার পর থেকে টিকটকের নীতিমালা ও মালিকানায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করে টিকটক। এর মাধ্যমে অ্যাপটির নিয়ন্ত্রণ চীনের বাইরে থাকা বিনিয়োগকারীদের হাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।