Home আজকের মিল্লাত ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের, কৃত্রিম বুদ্ধিমত্তার নাম বদলানোর প্রস্তাব

‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের, কৃত্রিম বুদ্ধিমত্তার নাম বদলানোর প্রস্তাব

A+A-
Reset

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই)-এর নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এআই খাতের উন্নয়ন ও তদারকির জন্য ‘এআই ফোর্স’ নামে নতুন একটি কাঠামো গঠন এবং একজন ‘এআই জার’ নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। তবে প্রস্তাবিত এই কাঠামোর দায়িত্ব, গঠন বা আইনি ক্ষমতা সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ধারাবাহিক পোস্টে এসব ঘোষণা দেন ট্রাম্প।

এক পোস্টে ট্রাম্প বলেন, অনেকেই মনে করেন ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নামটি প্রযুক্তিটির জন্য যথাযথ নয়। এরপর তিনি অনুসারীদের মতামত জানতে একটি অনলাইন ভোটের আয়োজন করেন। সেখানে বিকল্প হিসেবে ‘সুপিরিয়র ইন্টেলিজেন্স’ (Superior Intelligence), ‘এক্সট্রিম ইন্টেলিজেন্স’ (Extreme Intelligence) এবং ‘সুপ্রিম ইন্টেলিজেন্স’ (Supreme Intelligence)—এই তিনটি নাম প্রস্তাব করেন।

এর কয়েক ঘণ্টা পর আরেকটি পোস্টে ট্রাম্প দাবি করেন, এআই খাতকে দুর্বল বা ধ্বংস করার চেষ্টা চলছে। তিনি এ ধরনের উদ্বেগকে ডেমোক্র্যাটদের কথিত বিভিন্ন ‘হোক্স’-এর সঙ্গে তুলনা করেন।

তবে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, এ দাবির পক্ষে ট্রাম্প কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেননি। একই সময়ে যুক্তরাষ্ট্রে এআই ডাটা সেন্টার নির্মাণ নিয়ে দুই দলের রাজনীতিক ও স্থানীয় পর্যায়ে সমালোচনা রয়েছে। বিশেষ করে ডাটা সেন্টারের বিদ্যুৎ ও অন্যান্য অবকাঠামোগত চাহিদা নিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যে বিতর্ক চলছে।

 

ট্রাম্প জানান, তার প্রশাসন এআই শিল্পের বিকাশে বাধা না দিয়ে খাতটির প্রবৃদ্ধিতে সহায়তা করবে। এ উদ্দেশ্যে তিনি নিজের প্রথম মেয়াদে গঠিত ‘স্পেস ফোর্স’-এর আদলে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা দেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এআই শিল্পের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত না করে সরকার এটিকে সহায়তা ও পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে বিদ্যমান ফৌজদারি ও দেওয়ানি বিচারব্যবস্থা ব্যবহারের কথা বলেন তিনি।

তবে ‘এআই ফোর্স’ কী ধরনের সাংগঠনিক কাঠামো হবে, এর অধীনে কতজন কাজ করবেন কিংবা এটি কোনো নতুন সরকারি সংস্থা হিসেবে গঠিত হবে কি না—এসব বিষয়ে ট্রাম্প কোনো বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেননি।

 

এআই ফোর্সের পাশাপাশি এ খাতের জন্য একজন ‘এআই জার’ নিয়োগের কথাও জানিয়েছেন ট্রাম্প। তবে কবে ওই নিয়োগ দেওয়া হবে কিংবা পদটির সুনির্দিষ্ট দায়িত্ব কী হবে, তা জানাননি তিনি। শুধু বলেছেন, শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

এর আগে ভেঞ্চার ক্যাপিটালিস্ট ডেভিড স্যাকস ট্রাম্প প্রশাসনে এআই ও ক্রিপ্টো নীতির দায়িত্বে ছিলেন। পরে তিনি ওই দায়িত্ব ছেড়ে প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পরিষদের সহসভাপতির দায়িত্ব নেন। ফলে নতুন ‘এআই জার’ পদটি কীভাবে সাজানো হবে, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

ট্রাম্প একই পোস্টে এআইকে ভবিষ্যতের শিল্প বিপ্লবের সঙ্গে তুলনা করে প্রযুক্তিটির অর্থনৈতিক গুরুত্বের কথা উল্লেখ করেন। তবে তাঁর প্রস্তাবিত নতুন নাম, ‘এআই ফোর্স’ এবং ‘এআই জার’—তিন উদ্যোগের কোনোটিরই বিস্তারিত বাস্তবায়ন কাঠামো এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: রয়টার্স, টেকক্রাঞ্চ

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা