Home আজকের মিল্লাত মেসির লিগে নতুন ইতিহাস, রেকর্ড গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

মেসির লিগে নতুন ইতিহাস, রেকর্ড গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

A+A-
Reset

একের পর এক মাইলফলক পেরিয়ে মার্কিন ফুটবলে নতুন ইতিহাস গড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই মেজর লিগ সকারের (এমএলএস) রেকর্ডবুকে একের পর এক জায়গা করে নিচ্ছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই ফরোয়ার্ড।

এর আগে এমএলএসের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোলে অবদান রাখার রেকর্ড গড়েছিলেন কাভান। এবার প্রথম কোনো টিনেজার হিসেবে টানা পাঁচ ম্যাচে গোলে অবদান রাখার কীর্তি গড়লেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) সিএফ মন্ট্রিলের বিপক্ষে এমএলএসের ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন কাভান সুলিভান।

ম্যাচের ৫৭ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে প্রথম গোল করেন ড্যানলে জিন জ্যাকেস। এরপর ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাভান। বক্সের ভেতর ফিলাডেলফিয়ার এক খেলোয়াড়ের আক্রমণ প্রতিহত করে বল ক্লিয়ার করার চেষ্টা করেছিল মন্ট্রিলের রক্ষণ। সেই সুযোগে পেছন থেকে দৌড়ে এসে এক শটে বল জালে জড়িয়ে দেন কাভান।

এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার হয়ে নিজের গোলসংখ্যা চারটিতে নিয়ে গেলেন ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

চলতি মৌসুমে চার গোলের পাশাপাশি সাতটি অ্যাসিস্ট করেছেন কাভান। ফলে মোট ১১টি গোলে সরাসরি অবদান রয়েছে তার। এমএলএসে ১৬ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে এক মৌসুমে গোলে অবদানের হিসাবে এটি এখন সর্বোচ্চ।

এর আগে ২০০৫ সালে মার্কিন ফুটবলের আরেক প্রতিভা ফ্রেডি আদু ১৬ বছর বয়সে এক মৌসুমে ১০ গোলে অবদান রেখেছিলেন। সেবার চার গোল করার পাশাপাশি ছয়টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। সেই রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন কাভান সুলিভান।

চার ‘সুলিভান ভাই’-এর মধ্যে সবচেয়ে ছোট কাভান। অল্প বয়সেই এমএলএসে ধারাবাহিক পারফরম্যান্স করে ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও আলোচনায় উঠে এসেছেন তিনি।

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা