রাশিয়ার রাজধানী মস্কোর দিকে ধেয়ে আসা ৩৭টি ড্রোন কয়েক দফায় ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, মধ্যরাতের পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো মস্কোর দিকে আসা ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করে। কয়েক দফায় ড্রোনগুলো ধ্বংস করা হয়। এর মধ্যে প্রথম দফায় ১০টি, দ্বিতীয় দফায় ১৭টি এবং তৃতীয় দফায় আরও ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
সোবিয়ানিন বলেন, ড্রোনগুলোর ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেসব এলাকায় জরুরি সেবার একাধিক দল পাঠানো হয়েছে। তবে ধ্বংসাবশেষ পড়ে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এ ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে গড়ানোর মধ্যে উভয় পক্ষের দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়েছে। এরই ধারাবাহিকতায় মস্কো অভিমুখে নতুন করে ড্রোন হামলার এই ঘটনা ঘটল।
সূত্র: আনাদোলু এজেন্সি