Home আজকের মিল্লাত শিগগিরই কাটবে গ্যাস সংকট: রিজভী

শিগগিরই কাটবে গ্যাস সংকট: রিজভী

A+A-
Reset

মহেশখালীর গ্যাস টার্মিনালের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে শিল্প ও কলকারখানায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এর ফলে দেশের গ্যাস সংকটও শিগগিরই কেটে যাবে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শিল্প ও কলকারখানায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোতে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করছি। এতে শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে চলমান সংকটও ধীরে ধীরে কমে আসবে।

দেশের চলমান জ্বালানি সংকটের কারণ হিসেবে শুধু সরকারের ব্যবস্থাপনাকে দায়ী না করে রিজভী বলেন, এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণও রয়েছে। তবে সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে শিল্পকারখানায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এলএনজি আমদানির প্রসঙ্গে তিনি বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, বর্তমান সংকটকে দীর্ঘস্থায়ী হতে দেওয়া হবে না। বৈশ্বিক পরিস্থিতির কারণে তৈরি হওয়া এই সংকট মোকাবিলায় সরকার কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশে বিরোধী দল তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে এবং সরকার তার দায়িত্ব পালন করবে। জনগণের স্বার্থের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলেও দাবি করেন তিনি।

 

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা