Home আজকের মিল্লাত ইরান যুদ্ধে মার্কিন সেনাদের দুর্ভোগ, শুনানির দাবি ১২ সিনেটরের

ইরান যুদ্ধে মার্কিন সেনাদের দুর্ভোগ, শুনানির দাবি ১২ সিনেটরের

A+A-
Reset

ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন সেনাসদস্যদের দুর্ভোগ ও দীর্ঘায়িত মোতায়েন ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ১২ জন সিনেটর। পরিস্থিতি খতিয়ে দেখতে মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে একটি উন্মুক্ত শুনানির আয়োজনের দাবি জানিয়েছেন তাঁরা।

ইলিনয়ের সিনেটর ট্যামি ডাকওয়ার্থের নেতৃত্বে আইনপ্রণেতারা কমিটির চেয়ারম্যান রজার উইকারের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে নৌঘাঁটি ও যুদ্ধজাহাজগুলোতে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ব্যবস্থাপনার দুর্বলতা তুলে ধরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শুনানির আহ্বান জানানো হয়।

সিনেটররা ইরান-সংলগ্ন অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির বিষয়টি তুলে ধরেছেন। একই সঙ্গে যুদ্ধজাহাজগুলোর পরিবেশ ও জীবনযাত্রার মান অবনতির কথাও উল্লেখ করেছেন তাঁরা।

চিঠিতে বলা হয়, সামরিক নেতৃত্বের দূরদর্শিতার অভাব এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে না পারার কারণে সেনাসদস্যদের দুর্ভোগ আরও বেড়েছে। পর্যাপ্ত প্রস্তুতি ও প্রয়োজনীয় সহায়তা ছাড়াই তাঁদের দীর্ঘ সময় ঝুঁকিপূর্ণ অবস্থানে রাখা হয়েছে বলে অভিযোগ করেন সিনেটররা।

মার্কিন প্রশাসন যুদ্ধের অবসান ঘটাতে এবং সেনাসদস্যদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছানোর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। পর্যাপ্ত সহায়তা ও সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া সেনাদের ঝুঁকির মধ্যে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

যুদ্ধ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সামনে মার্কিন সেনাদের আরও বড় মূল্য দিতে হতে পারে বলেও সতর্ক করেছেন ১২ সিনেটর।

সূত্র: মিডল ইস্ট আই

এ সম্পর্কিত আরও সংবাদ

সোস্যাল মিডিয়াতে আমরা