বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করা প্রায় ২ লাখ মানুষের ভিসা বাতিলের পরিকল্পনা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শুরু হতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন নথি এবং সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বক্তব্যের বরাতে এ তথ্য জানা গেছে।
নথি অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বি-১ ও বি-২ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের মধ্য থেকে প্রায় ২ লাখ মানুষের ভিসা বাতিল করা হবে। মার্কিন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা হতে পারে। তবে এমন সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এপির কাছে পরিকল্পনাটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনেক বিদেশি অ-অভিবাসী ভিসায় স্বল্পমেয়াদি দর্শনার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেন। পরে তাঁদের কেউ কেউ দেশটিতে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করেন।
এ ধরনের আবেদনকারীদের শনাক্ত করে তাঁদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তবে ঠিক কতজনের ভিসা বাতিল করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা জানাতে রাজি হননি পিগোট। তাঁর ভাষ্য, প্রক্রিয়াটি এখনো চলমান থাকায় এ মুহূর্তে চূড়ান্ত সংখ্যা বলা সম্ভব নয়।
পরিকল্পনাটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী বিদেশিদের ওপর ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির আরও একটি বড় পদক্ষেপ হিসেবে এটি বিবেচিত হতে পারে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)